দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মশাল মিছিল ও মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের মানুষ। এ সময় দাবির পক্ষে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় ‘শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়াসহ বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন নশাসন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুম খান, ইউপি সদস্য বিল্লাল শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান ডালিম, কামরুল ইসলাম মালত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়ার পর শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ও নড়িয়া উপজেলার নশাসন এলাকাকে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি উপাচার্য নিয়োগের পর ওই স্থানগুলো বাদ দিয়ে ডামুড্যা উপজেলার একটি ইউনিয়নে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
বক্তারা বলেন, জেলা শহরের কাছাকাছি জমির দাম বেশি হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে বাধা হিসেবে আলোচনায় এসেছে। তবে জমির মূল্যই যদি প্রধান বাধা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের জন্য স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে জমি দিতেও প্রস্তুত রয়েছেন। জেলার বৃহত্তর স্বার্থে তাঁরা নিজেদের জমি দান করতে চান।
তাঁদের দাবি, ডামুড্যা উপজেলার প্রস্তাবিত স্থানটি জেলার এক প্রান্তে হওয়ায় বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হবে। পাশাপাশি আবাসন, চিকিৎসা, টিউশনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে।
বক্তারা আরও বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় শুধু নির্দিষ্ট কোনো এলাকার নয়, পুরো জেলার মানুষের প্রতিষ্ঠান। তাই শিক্ষার্থীদের যাতায়াত ও নাগরিক সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে জেলা সদর অথবা এর আশপাশে বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন।
মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
যে আই